
বরিশালে ২০১৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর দুই নেতাকে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। মামলাটির সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ জুন শুরু হবে। এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার দুই নেতা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর আগৈলঝাড়া উপজেলা শাখার তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আগৈলঝাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।
চার আসামির মধ্যে আবুল হাসানাত আবদুল্লাহ ও সাবেক এসপি এ কে এম এহসানউল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন। অপর দুই আসামি—উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বুধবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পাঠ করেন ট্রাইব্যুনালের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। আদেশ পাঠ শেষে আদালত উপস্থিত দুই আসামির কাছে দোষ স্বীকারের বিষয়ে জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি রাতে আগৈলঝাড়া উপজেলা-র গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করা হয়।