বরিশালে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের সুযোগে ট্রান্সফর্মার ও বিদ্যুতের তার চুরির আশঙ্কা বেড়ে যাওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)। জনসচেতনতা তৈরিতে নগরজুড়ে মাইকিং করার পাশাপাশি বরিশাল মহানগর পুলিশের সহযোগিতাও চেয়েছে সংস্থাটি।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে গভীর রাতের লোডশেডিংয়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র নগরীর বিভিন্ন এলাকায় রাস্তার পাশের ১১/০.৪ কেভি ট্রান্সফর্মার খুলে নেওয়ার চেষ্টা করছে। এছাড়া আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনাও বেড়েছে।
স্থানীয়দের দাবি, মাটিয়ার পোলসহ কয়েকটি এলাকায় ট্রান্সফর্মার চুরির চেষ্টা জনতার তৎপরতায় ব্যর্থ হলেও বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে। এতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পরও অনেক গ্রাহক দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকছেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এ পরিস্থিতিতে ওজোপাডিকো নগরজুড়ে মাইকিং করে রাস্তার ধারের ট্রান্সফর্মার ও বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষায় নাগরিকদের সহযোগিতা কামনা করছে। পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এদিকে দক্ষিণাঞ্চলে চলমান বিদ্যুৎ সংকট জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ ঘাটতির কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরাও পড়াশোনায় ভোগান্তিতে পড়ছে।
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ৬৬০ মেগাওয়াট ইউনিট সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেছে। ফলে দক্ষিণাঞ্চলের চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
নাগরিকদের সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো গেলে ট্রান্সফর্মার ও তার চুরি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
https://slotbet.online/