বরিশালের হিজলা উপজেলায় সড়কে হঠাৎ একটি কুকুর সামনে চলে আসায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মিরাজ হাওলাদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ডিস্ট্রিক বোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ হাওলাদার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ কাউরিয়া বাজারে তার ভগ্নিপতি তারা মিয়ার ব্যবসা দেখাশোনা করতেন। শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কাউরিয়া বাজারের উদ্দেশে রওনা দেন তিনি। পথে গুয়াবাড়িয়া ডিস্ট্রিক বোর্ড সড়কে পৌঁছালে হঠাৎ একটি কুকুর মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/