একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ডিন’স মেরিট অ্যাওয়ার্ড-২০২৬।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি ২৫টি বিভাগের সাতটি অনুষদের ১০৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এ সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও দেশের কর্ণধার। তাদের মেধা, সততা, গবেষণামনস্কতা ও উদ্ভাবনী চিন্তাশক্তির ওপরই নির্ভর করছে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা। তাই জ্ঞানচর্চায় আরও মনোযোগী হতে হবে।” তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, বরং সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, “ডিন’স মেরিট অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি। সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক।
এবারের ডিন’স মেরিট অ্যাওয়ার্ডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের তিনজন শিক্ষার্থী সম্মাননা লাভ করেন। তাদের মধ্যে রয়েছেন বরিশালের বানারীপাড়া পৌরসভার কৃতী সন্তান নিহাল ইসলাম খন্দকার, তিনি খন্দকার নজরুল ইসলামের ছেলে।
ড. হাফিজ আশরাফুল হক বলেন, কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ বাংলাদেশের একমাত্র বিভাগ, যেখানে উপকূল অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/