বরিশালে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শিশুসহ ৫২২ জন রোগী। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের কোনো ঘাটতি নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়া বহির্বিভাগেও প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকদের মতে, বিশুদ্ধ পানি পান না করা, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি না মানার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন।
বরিশাল জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ (বহির্বিভাগ) ডা. মো. ইকবাল হোসেন বলেন, “সবাইকে বিশুদ্ধ পানি পান করতে হবে। পাশাপাশি খাবারের বিষয়ে সতর্ক থাকতে হবে। ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়া ওয়ার্ডে স্থায়ীভাবে শয্যা রয়েছে মাত্র চারটি। তবে রোগীর চাপ সামাল দিতে অতিরিক্ত আটটি বেড সংযুক্ত করা হয়েছে।
বরিশাল জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আশিকুর রহমান বলেন, “শয্যা সংকট থাকলেও হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৮ জন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিশুদ্ধ পানি পান, নিরাপদ খাবার গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
https://slotbet.online/