সমাজে সমতা, মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন নাগরিককে মজুরিভিত্তিক চাকরিতে নিয়োগ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নগর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভি যোগদানের দিন থেকেই মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। তিনি কোন শাখায় দায়িত্ব পালন করবেন, তা এখনও চূড়ান্ত না হলেও তাকে একটি সম্মানজনক দায়িত্বে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসি।
নিয়োগপত্র গ্রহণের পর আবেগাপ্লুত হয়ে মাইদুল ইসলাম অভি বলেন, “আমাদের মতো মানুষদের প্রতিনিয়ত অবহেলা ও বৈষম্যের মুখোমুখি হতে হয়। একটি সম্মানজনক চাকরি আমার জীবনে নতুন আশা তৈরি করেছে। এখন আমি আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি আমি কৃতজ্ঞ।”
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব। এই নিয়োগের মাধ্যমে আমরা এমন একটি বার্তা দিতে চাই যে, সুযোগ ও সহায়তা পেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”
নগরবাসীর অনেকেই বিসিসির এই উদ্যোগকে মানবিক, সময়োপযোগী এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
https://slotbet.online/