
বরিশাল আদালত প্রাঙ্গণে জামিন পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সাবেক স্বামীকে মারধরের ঘটনায় ফাতেমা মনীষা নামে এক তরুণীকে তাৎক্ষণিক পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৯ জুলাই) দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
সাজ্জাদ হোসেন জানান, টিকটক ব্যবহার নিয়ে দাম্পত্য কলহের জেরে গত মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ক্ষুব্ধ হয়ে তাঁর সাবেক স্ত্রী ফাতেমা মনীষা তাঁর এবং তাঁর মা শাহনাজ পারভীনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
রোববার ওই মামলায় জামিন আবেদন করলে আদালত সাজ্জাদ হোসেনকে জামিন দেন এবং তাঁর মাকে মামলা থেকে অব্যাহতি দেন।
আদালত সূত্রে জানা যায়, এ রায়ে ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষ থেকে বের হওয়ার পরপরই ফাতেমা মনীষা আদালত প্রাঙ্গণে সাজ্জাদ হোসেনের ওপর হামলা চালিয়ে মারধর করেন।
ঘটনার পুরো দৃশ্য আদালতের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বিষয়টি বিচারকের নজরে এলে সত্যতা যাচাই করে কোর্ট পুলিশ তাৎক্ষণিকভাবে ফাতেমা মনীষাকে আটক করে আদালতে হাজির করে।
পরে আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ফাতেমা মনীষাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।