
বরিশালের মুলাদী উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. জাহিদ খলিফা (২০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ খলিফা উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের সেকেন্দার খলিফার ছেলে। তিনি হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
এর আগে রোববার সকালে এক তরুণী (১৯) জাহিদ খলিফা ও তার বড় ভাই নাঈম খলিফাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুলাদী থানায় মামলা দায়ের করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ খলিফা দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ওই তরুণী আইনের আশ্রয় নেন।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে প্রধান আসামি জাহিদ খলিফাকে গ্রেপ্তার করে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার অপর এজাহারভুক্ত আসামি নাঈম খলিফাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।