
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর বাজারে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার (১৯ জুলাই) সকালে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
কুরিরচর গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক শামীম বেপারী (২৬) জানান, বিএনপি কার্যালয়ের পাশে তিনি তার ব্যাটারিচালিত ভ্যান চার্জে দিয়েছিলেন। রাতে সেটি দেখতে গিয়ে তিনি দুই ব্যক্তিকে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মোটরসাইকেলে করে মিয়ারচর গ্রামের দিকে পালিয়ে যেতে দেখেন।
তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে চিৎকার করে স্থানীয়দের ডাক দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
স্থানীয় ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতলে থাকা পেট্রোল উদ্ধার করা হয়েছে।
সরিকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।