
বরিশাল জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব। জেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচি—কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ড—বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জেলার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, বরিশাল শহরকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি অফিস প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা এবং ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।