
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানাধীন বিসিসির ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রাসেল মল্লিক (৪৩)। তিনি মৃত সুবাহান মল্লিকের ছেলে এবং শেরে বাংলা সড়ক, বিসিসির ২৮ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা সড়কে রাসেল মল্লিকের নিজ বসতঘরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।