
বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফকিরকে (১৮) যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড় এলাকা থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রিফাত ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী ফকিরবাড়ী গ্রামের খোকন ফকিরের ছেলে। যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দের নেতৃত্বে একটি দল এবং বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বরিশালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালে নিজের মাথায় আঘাত করে আহত হন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়।
এ ঘটনায় ওই রাতেই আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।
এর আগে এ মামলায় প্রধান এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসমিন আক্তারসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিফাত ফকিরের অবস্থান শনাক্ত করে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, ঘটনার পর থেকেই রিফাত ফকির যশোরে আত্মগোপনে রয়েছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Reporter Name 

















