গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। তবে গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, কর্মসংস্থানের সংকট এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নবঞ্চনা এখন জনগণের প্রধান উদ্বেগের বিষয়। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ জুলাই বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, এনসিপির বরিশাল জেলা সেক্রেটারি আবু সাঈদ খান, বাংলাদেশ লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসাইনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
https://slotbet.online/