
বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসিন আক্তার এবং তদন্তে শনাক্ত হাসিনা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়।
এদিকে একই মামলায় আরও এক আসামিকে উজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
গত শনিবার (১১ জুলাই) গ্রেপ্তার চারজনকে ডিবির হেফাজত থেকে আগৈলঝাড়া থানার এসআই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল থানায় নিয়ে আসে। পরে রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেপ্তার পাঁচজনকে বরিশালের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান এজাহারভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও একজনকে উজিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।