
দিনভর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একের পর এক আনন্দ মিছিল, শুভেচ্ছা র্যালি ও গণসমাবেশে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। দলীয় নেতারা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
রোববার (১২ জুলাই) সকালে বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নগরীতে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
একই দিন সকালে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে আরেকটি আনন্দ মিছিল বের হয়। এছাড়া বরিশাল জেলা আইনজীবী ফোরাম এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিনের নেতৃত্বেও পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে একটি বিশাল শুভেচ্ছা র্যালি বের হয়। র্যালিটি সোহেল চত্বর থেকে শুরু হয়ে লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমি সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা, ভালোবাসা ও সম্মান প্রকাশ করেছেন, বরিশালের উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেওয়া হবে।
তিনি বলেন, বরিশালের জলাবদ্ধতা দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তার এই সফর দক্ষিণাঞ্চলের উন্নয়নকে আরও বেগবান করবে এবং বরিশালবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে নতুন দিগন্তের সূচনা করবে।
দিনভর অনুষ্ঠিত বিভিন্ন আনন্দ মিছিল ও শুভেচ্ছা র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পুরো নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বরিশাল যেন পরিণত হয় মিছিলের নগরীতে।