বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার আলোচিত নমিতা রানী পাল হত্যা মামলার মূলহোতা ও প্রধান অভিযুক্ত কামাল পঞ্চায়েতকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জুন) রাতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল পঞ্চায়েত ইন্দুরকানী উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নমিতা রানী পালের পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে দীর্ঘদিন ধরে কামাল পঞ্চায়েতের পরকীয়ার সম্পর্ক ছিল। এ সম্পর্কের কারণে কামাল প্রায়ই ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন। বিষয়টি নিয়ে নমিতা রানী পাল ও তার স্বামী আপত্তি জানালে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, গত ২৮ মে বিকেলে নমিতা রানীর স্বামী বাড়ির বাইরে গেলে সুযোগ বুঝে কামাল পঞ্চায়েত ও তার সহযোগীরা ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারন গ্রামের নিজ বাড়ির বারান্দায় নমিতা রানী পালকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহে গলায় নখের আঁচড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকে র্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত কামাল পঞ্চায়েত আত্মগোপনে চলে গিয়ে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব।
গ্রেফতারের পর কামাল পঞ্চায়েতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।
র্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।