
বরিশাল মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও কার্যকর রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন ২০২৬) বিকেল ৩টায় বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জুয়া, অনলাইন জুয়া, অসামাজিক কার্যকলাপ, চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার (পিপিএম), উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএমপি সূত্র জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।