
বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, জনস্বার্থ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”