
রুপন কর অজিত: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বরিশাল নগরীসহ র্যাব-৮ এর আওতাধীন বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-৮। ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠা ছিনতাইকারী, চাঁদাবাজ, জাল টাকা কারবারি ও বিভিন্ন অপরাধচক্র দমনে মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছে এলিট ফোর্সটি। ফলে নগরজুড়ে সাধারণ মানুষের মাঝে বাড়ছে স্বস্তি ও নিরাপত্তাবোধ।
র্যাব সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল, কেন্দ্রীয় লঞ্চঘাট, বিভিন্ন পশুর হাটসহ গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের বিশেষ টহল ও অস্থায়ী কন্ট্রোল ক্যাম্প স্থাপন করা হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে র্যাব সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে চেকপোস্ট কার্যক্রম জোরদার করে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
বিশেষ করে কোরবানির পশুর হাটগুলোকে নিরাপদ রাখতে র্যাব-৮ এর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পিরোজপুর জেলার বলেশ্বর পশুর হাট, পিরোজপুর পৌর পশুর হাট ও পাঁচপাড়া পশুর হাট পরিদর্শন করে র্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্প।
হাটগুলোতে কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক স্টিকার বিতরণ, ড্রোনের মাধ্যমে মনিটরিং ও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে হাট পরিদর্শনকালে র্যাব-৮, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধে র্যাব-৮ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোরবানির পশু পরিবহন, ক্রয়-বিক্রয় এবং ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আমাদের গোয়েন্দা টিম, আভিযানিক টিম ও টহল টিম একযোগে কাজ করছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরা মাঠে সক্রিয় রয়েছি।”
তিনি আরও বলেন, “জাল টাকা প্রতিরোধে পশুর হাটগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ সন্দেহজনক নোট পেলে সঙ্গে সঙ্গে হাটে স্থাপিত র্যাব কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানানো হচ্ছে।”
এদিকে পটুয়াখালী ও বরগুনা জেলার বৃহত্তর পশুর হাট, বাস টার্মিনাল, ফেরিঘাট ও লঞ্চঘাটেও র্যাব-৮, সিপিসি-১ এর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি রোধ, ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোলিং অব্যাহত রয়েছে।
বরিশাল নগরীর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদকে সামনে রেখে র্যাবের দৃশ্যমান টহল ও তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে রাতের বেলায় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি মানুষের নিরাপত্তাবোধ বাড়িয়েছে।
র্যাব-৮ জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে যেকোনো ধরনের অপরাধ, নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার জনগণকে র্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
📌 এক নজরে ঈদুল আজহায় বরিশাল র্যাব-৮ এর নিরাপত্তা আপডেট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণাঞ্চলে অপরাধচক্র দমন ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র্যাব-৮ এর বিশেষ পদক্ষেপসমূহ নিচে দেওয়া হলো:
- নজরদারি এলাকা: নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল, কেন্দ্রীয় লঞ্চঘাট এবং পটুয়াখালী-বরগুনার বৃহত্তর ফেরিঘাটসমূহ।
- পশুর হাটে বিশেষ ব্যবস্থা: পিরোজপুরের বলেশ্বরসহ বিভিন্ন হাটে অস্থায়ী কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার এবং ড্রোন মনিটরিং।
- প্রতারণা ও অপরাধ রোধ: পশুর হাটে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন এবং মলম পার্টি-অজ্ঞান পার্টি দমনে রোবাস্ট পেট্রোলিং।
- জরুরি সহায়তা: যেকোনো সন্দেহজনক ঘটনা বা নাশকতার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে হাটে স্থাপিত র্যাব কন্ট্রোল রুমে যোগাযোগের নির্দেশ।

Reporter Name 

















