নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বিদ্যুৎ লাইন মেরামতের কথা বলে বাসায় ডেকে এনে এক ইলেকট্রিক মিস্ত্রিকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে বরিশাল নগরীতে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— সুমাইয়া আক্তার এবং তার স্বামী কাওরান ইসলাম আকাশ। তাদের কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বরিশাল নগরীর রূপাতলী সোহরাব হাউজিং এলাকার আহমেদ মোল্লা সড়কের ব্যাংকার্স গলিতে অবস্থিত ‘বুশরা মঞ্জিল’ নামের একটি ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা বিভিন্ন ব্যক্তিকে প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে এনে ফাঁদে ফেলতেন।
ভুক্তভোগী বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার ইলেকট্রিক মিস্ত্রি মো. ইউসুফ জানান, নগরীর কাশিপুর এলাকায় সুমাইয়া আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিদ্যুৎ লাইনের কাজের কথা বলে তাকে রূপাতলীর ওই বাসায় ডাকা হয়।
গত ৫ মে সন্ধ্যা ৬টার দিকে সহকারী মোতাহারকে নিয়ে তিনি সেখানে যান। সহকারীকে নিচে রেখে তিনি তৃতীয় তলার একটি ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর দরজা বন্ধ করে ঘরের লাইট নিভিয়ে দিয়ে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়।
ইউসুফ অভিযোগ করেন, চক্রের সদস্যরা তাকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার সহকারী মোতাহারকেও কক্ষে আটকে নির্যাতন করা হয়।
একপর্যায়ে বিকাশ ও নগদের মাধ্যমে ২৩ হাজার টাকা আদায় করার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ইসতিয়াক মামুন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারীকে থানায় নিয়ে আসা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে কিছু গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি হানি ট্র্যাপ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, সুমাইয়া আক্তারকে বুধবার রাতে এবং চক্রের মূল হোতা কাওরান ইসলাম আকাশকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভুক্তভোগীদের কাছ থেকে নিয়ে রাখা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মুক্তিপণের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
https://slotbet.online/