বরিশাল নগরীতে হাঁস-মুরগি ও ছাগল খেয়ে ফেলার অভিযোগে সাতটি শিয়াল হত্যার ঘটনায় কোতোয়ালী মডেল থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ জুলাই) বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম।
মামলায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ হারিস, মো. কামাল খলিফা ও জামাল খলিফার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বন্যপ্রাণী হত্যা ও সংশ্লিষ্ট আইনে অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১২ জুলাই বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদী হয়ে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে একটি নালিশী অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৮ জুলাই নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানের খোলা এলাকায় সাতটি শিয়াল টেঁটা দিয়ে হত্যা করা হয়। পরে সেগুলোর মাংস ভাগাভাগি ও ভক্ষণ করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিয়াল হত্যার আলামত, রক্তের দাগ এবং আগুনে পোড়ানোর চিহ্ন দেখতে পান। তবে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তখন তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. জহির উদ্দিন অভিযোগটি শুনানির জন্য মহানগর বিচারিক হাকিম আদালতে পাঠান। শুনানি শেষে আদালত নালিশী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “ঘটনার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে তদন্ত করা হয়। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে।”
আরো পড়ুন: