
খুলনার সোনাডাঙা থানায় দায়ের হওয়া আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদারকে (৩৮) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, পলাতক আসামি, সাজাপ্রাপ্ত ব্যক্তি, ওয়ারেন্টভুক্ত অভিযুক্ত, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আলোচিত হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারেও কার্যক্রম অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় র্যাব-৬ সদর কোম্পানি ও র্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কোতোয়ালি থানার কাশীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গত ২৯ মে খুলনার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার এক নম্বর আসামি ও প্রধান পলাতক অভিযুক্ত রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম হাওলাদার খুলনা জেলার দৌলতপুর থানার বাসিন্দা এবং তিনি আলমগীর হাওলাদারের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি খুলনা মহানগরীর সোনাডাঙা এলাকায় এক বৃদ্ধা ও তার দুই নাতিকে হত্যার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন রফিকুল ইসলাম হাওলাদার।