বরিশাল ও ভোলায় র্যাব-৮ এর অভিযানে পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার
- প্রকাশের সময়: 05:09:34 pm, Thursday, 30 April 2026
- / 349 Time View
টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল পরিমাণ আপত্তিকর কনটেন্ট
ভোলা ও বরিশালে অভিযান চালিয়ে টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যের সঙ্গে জড়িত একটি সাইবার অপরাধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮, বরিশাল।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বিক্রির সঙ্গে জড়িত ছিল। তারা মূলত টেলিগ্রাম অ্যাপের প্রাইভেট চ্যানেল ও গ্রুপ ব্যবহার করে অর্থের বিনিময়ে এসব আপত্তিকর কনটেন্ট সরবরাহ করত।
চক্রটি বিভিন্নভাবে ছবি ও ভিডিও সংগ্রহ করত—ফেসবুক আইডি বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে কনটেন্ট নেওয়া, কিংবা শত্রুতাবশত গোপন ছবি ফাঁস করার মাধ্যমে। পরে এসব কনটেন্ট তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করত।
র্যাবের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়—
মেরাজুর রহমান আরমান (২১)
বিল্লাল হোসেন অন্তর (২১)
রবি আলম মমিন (২১)
আল আমিন ইসলাম মাহি (১৯)
মোঃ হাসিব (২৩)
অভিযানকালে তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব ডিভাইস থেকে প্রায় দেড় লক্ষ আপত্তিকর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।
র্যাব জানিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার অপরাধ দমনে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।















