স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল নগরীতে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর সদর রোড এলাকা থেকে মাসুম হাওলাদার নামে ওই দালালকে আটক করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, নগরীর নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা গ্রাম থেকে আসা রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় সদর রোডের বিবির পুকুরপাড় এলাকায় ‘সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিক’-এর দালাল মাসুম হাওলাদার এক রোগীর সঙ্গে প্রতারণার সময় স্থানীয়দের হাতে আটক হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, এ চক্রের সঙ্গে কিছু রিকশা ও অটোরিকশা চালকরাও জড়িত। তারা রোগীদের ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে কমিশনের বিনিময়ে ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়। সেখানে বিভিন্ন ভুয়া পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়।
চাঞ্চল্যকর তথ্য হলো, এ ঘটনায় সাক্ষী হিসেবে যাকে গ্রহণ করা হয়েছে, তিনিও অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারের দালাল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, পুরো দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।