স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল উজিরপুর থানাধীন ইচলাদী টোল প্লাজার পাশে অভিযান পরিচালনা করেন।
এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের পুত্র। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।