
বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর রূপাতলী এলাকায় গোপন বৈঠকের অভিযোগে চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে রূপাতলী হাউজিং এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতে হাজির করা হলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেল শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, গ্রেপ্তার চারজন হলেন— মুয়ীদুর রহমান বাকি (৩৩), মাহমুদুল হাসান তমাল (২৬), রাকিব হাসান রনি (৩০) এবং আকরাম খান ইমন (২৭)।
মামলা সূত্রে জানা গেছে, তারা বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম-এর অনুসারী বলে অভিযোগ রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান-এর দায়ের করা মামলায় তাদের আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গোপন বৈঠকের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় করার চেষ্টা এবং বাদী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনা করছিলেন তারা।
বাদী মিজানুর রহমান দাবি করেন, রূপাতলী হাউজিং এলাকার একটি বাসায় তারা সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সরকার পতনের পরিকল্পনায় বৈঠক করছিলেন। খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মাহমুদুল হাসান তমাল। তার দাবি, কিছু ব্যক্তি তার বাসায় এসে চাঁদা দাবি করলে তিনি বাধা দেন। এ কারণেই তাকে মামলায় জড়ানো হয়েছে।

Reporter Name 

















