ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল
পোস্টাল ভোটে এবারই প্রথম ভোট দেবেন প্রবাসীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা ভোটার তালিকায় নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুধু বরিশাল জেলা থেকেই
মোট ২৯ হাজার ৫৮৪ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
বরিশালে প্রবাসী ভোটারের পরিসংখ্যান
- মোট প্রবাসী ভোটার: ২৯,৫৮৪ জন
- পুরুষ ভোটার: ২১,৮২৮ জন
- নারী ভোটার: ৭,৬৩৯ জন
এছাড়া নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সরকারি কর্মচারী, আনসার ও কারাবন্দিসহ
মোট ১৯,৮৮৮ জন পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন।
এর মধ্যে পুরুষ ভোটার ১২,৮১২ জন এবং নারী ভোটার ৭৭৬ জন।
আসনভিত্তিক পোস্টাল ভোটার সংখ্যা
- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): ৪,৫১৬ জন
- বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): ৫,১০৯ জন
- বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী): ৪,৬৭২ জন
- বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): ৪,৪৭৮ জন
- বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন): ৬,৭৩৭ জন
- বরিশাল-৬ (বাকেরগঞ্জ): ৩,৮৮৬ জন
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারই প্রথমবারের মতো
আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটগ্রহণ করা হবে।
এই ব্যবস্থায় প্রবাসীদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি
এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন।
পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে।
ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম গোলাম মোস্তফা বলেন,
“প্রথমবার হিসেবে আমরা মোটামুটি ভালো সাড়া পেয়েছি।
ভবিষ্যতে প্রবাসী ভোট আরও বাড়বে বলে আশা করছি।”

Reporter Name 

















