নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালী পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাই মো. দেলোয়ার (৪০)কে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন— শাবনুর (২২), মুক্ত (২৫), নাজমা (৩৫), হোসেনা (৫৫), জুয়েল (২৫) ও সোহেল (২৭)। তারা সবাই অভিযুক্তের চাচা শ্বশুরবাড়ির আত্মীয় এবং একই এলাকার বাসিন্দা।
গুরুতর আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দেলোয়ারের সঙ্গে তার চাচা শ্বশুরের পরিবারের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে ভুক্তভোগীরা নিজেদের পক্ষে বক্তব্য দিলে ক্ষুব্ধ হয়ে দেলোয়ার হঠাৎ তাদের ওপর হামলা চালায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রশিদ ও উদ্ধারকারী ইসমাইল গাজী জানান, সালিশে সত্য ঘটনা তুলে ধরার পরই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।
খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযুক্ত একাই ধারালো অস্ত্র দিয়ে ছয়জনকে কুপিয়ে আহত করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
https://slotbet.online/