
বরিশালের উজিরপুর উপজেলার শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পানিতে পড়ে রাকিব বেপারী (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব বেপারী ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে শাপলা বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন রাকিব। একপর্যায়ে নৌকায় ভ্রমণের সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য, রাকিব সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, বরিশালে উজিরপুরে সাতলায় শাপলা বিল দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। শাপলার মৌসুমে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। তবে সাঁতার না জানা পর্যটক এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

Reporter Name 

















