বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসের কক্ষ থেকে উচ্ছ্বাস কর্মকার নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীরা জানান, ভবনের নিচতলার কক্ষগুলো শিক্ষার্থীদের মেস হিসেবে ব্যবহৃত হয়। উচ্ছ্বাস একটি কক্ষে একাই থাকতেন। দীর্ঘ সময় ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় এবং সেখান থেকে দুর্গন্ধ বের হলে পাশের শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানান। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে শিক্ষার্থীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।