
সন্ধ্যার পর শিক্ষার্থীদের চায়ের দোকানে আড্ডা দেওয়া এবং অকারণে ঘোরাঘুরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে ফেনী জেলা প্রশাসন। শৃঙ্খলা, জননিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে মাঠে নেমেছে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণকে এ নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন আরও জানায়, শিক্ষার্থীদের সময়কে ইতিবাচক কাজে কাজে লাগানো এবং পড়াশোনায় মনোযোগী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য, “শিক্ষার্থীদের জন্য আড্ডা নয়, শিক্ষাই হোক প্রধান অগ্রাধিকার।”