
বরিশাল মহানগরের কাউনিয়া থানার আলোচিত মাছ ব্যবসায়ী জসিম সিকদার বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি অপু (২৫)কে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ জুন) রাতে র্যাব-৮, বরিশাল এবং র্যাব-৪, মিরপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত অপু বরিশাল মহানগরের কাউনিয়া থানার পলাশপুর এলাকার বাসিন্দা। তিনি বাবু হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ১৫ মে রাত আনুমানিক আড়াইটার দিকে জসিম সিকদার বাবুকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে কাউনিয়া থানাধীন বিসিসির ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ৭ নম্বর গুচ্ছগ্রামের চার রাস্তার মোড়ে তাকে মারধর করা হয়।
একপর্যায়ে প্রাণ বাঁচাতে বাবু পাশের একটি পরিত্যক্ত কক্ষে আশ্রয় নিলে অভিযুক্তরা সেখানে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর অপু আত্মগোপনে চলে যান এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার পল্লবী থানাধীন মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।