
বরিশাল ও পটুয়াখালীসহ দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে বজ্রপাত ও বৈরী আবহাওয়ার সময় খোলা স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Reporter Name 
















