
বরিশাল মহানগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে ‘জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।
শনিবার (৬ জুন) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমান।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
পরে আলোচনা সভা শেষে নগরীতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহীসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।