
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় হাঁসফাঁস করছে বরিশালের জনজীবন। চলমান তাপপ্রবাহের মধ্যে মানুষের স্বস্তির অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
তবে সম্ভাব্য বৃষ্টির খবর থাকলেও বরিশালের মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তির তেমন কোনো সুখবর নেই। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়তে পারে।
শহরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, দুপুরের দিকে তীব্র রোদ ও গরমে মানুষের চলাচল কমে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রিকশাচালক, দিনমজুর এবং খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
পরামর্শ: গরমের মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।