
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ১৬৬ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার একটি চৌকশ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘন্টায় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন।
অভিযানের প্রথম ধাপে এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের রায়পাশা এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ আরিফ খান (২৫) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে একই টিম মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া এলাকার বাসিন্দা মোঃ রুবেল হাওলাদার (৩৭) এর বসতঘরে সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ৩৯ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
এছাড়া বরিশাল নথুল্লাবাদ রুপালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে মোঃ আলাল হোসেন (২৮) কে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Reporter Name 

















