
নিজস্ব প্রতিবেদক: দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দিবাগত রাত ১টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগামী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আগামী কয়েক দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।