
বরিশাল সদর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী, দলের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের ছোট ভাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ করা কোনো ব্যক্তির নাগরিকত্ব সরকার বাতিল করেনি। সরকার কেবল দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে আওয়ামী লীগের কোনো ব্যক্তি যদি অন্যায় না করে এবং তার বিরুদ্ধে মামলা না থাকে, তাহলে তার জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাদের ভোট দেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন,
“যাদের মাধ্যমে জানমাল, ইজ্জত ও ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত হবে, আওয়ামী লীগের ভোটাররা তাদেরই ভোট দেবেন।”
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন,“জামায়াতে ইসলামীর আমিরের প্রতি সম্মান জানিয়ে তার নির্বাচনী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেয়নি। তিনি আমাদের প্রতি সম্মান দেখিয়ে তার দলের প্রার্থী প্রত্যাহার করেছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন কোনো জোটে যাবে কিনা—এমন প্রশ্নের উত্তরে ফয়জুল করীম বলেন,“এই মুহূর্তে নতুন করে কোনো জোটে যাওয়ার সুযোগ নেই। তবে ভবিষ্যতে যদি কেউ ইসলামী শরিয়াহভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ নেয়, তাহলে ইসলামী শক্তিগুলোর মধ্যে আবারও জোট হতে পারে।”
তিনি আরও বলেন,“আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি নির্বাচনী বাক্স নিশ্চিত করা। এখন ইসলামের পক্ষে হাতপাখার বাক্স রয়েছে।”
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে কিনা—এমন প্রশ্নের উত্তরে ফয়জুল করীম বলেন, “প্রতীক বরাদ্দের পর কোনো প্রার্থীকে হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।