
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন হবে। ইতোমধ্যে বরিশালের প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে।
এদিকে দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮। নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন পূজামণ্ডপে টহল, গোয়েন্দা নজরদারি ও ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে সাইবার মনিটরিং।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে নগরীর নতুন বাজার শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৮ অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, “সকলের নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং প্রয়োজনে ফোর্স রিজার্ভ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাইবার মনিটরিং ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে।”
পূজা উদযাপন পরিষদের বরাত দিয়ে জানা গেছে, এ বছর বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ২ হাজার ১২৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বরিশাল জেলায় ৬৪০টি ও মহানগরীতে ৪৭টি পূজামণ্ডপে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।