নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে।
শুক্রবার (৮ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মারা যাওয়া শিশুটির নাম সাইমুন (১৩ মাস)। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা শাকিল খানের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ১৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে চাপ বাড়ছে। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যেই হামের উপসর্গ বেশি দেখা যাচ্ছে।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, “প্রতিদিন রোগী বাড়ছে। বেড সংকটের কারণে অনেক সময় এক বেডে দুই থেকে তিনজন রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।”
হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শেবাচিম হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৭২৬ জন রোগী।
অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে হামের সংক্রমণ আরও বাড়তে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্বজনরা।