নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন নানা কর্মসূচি ঘোষণা করেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হবে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সকাল ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি–তে ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
এছাড়া ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনায় জেলার সকল মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে।