
গৌরনদী প্রতিনিধি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সরকার দেশের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছে এবং সরকারের মেয়াদকালেই এই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলী এলাকায় সাড়ে তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিল্পায়নের ফলে বনায়ন ও সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। এ কারণে খাল খনন প্রকল্পের পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসির (বরিশাল–ভোলা–ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি, গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।