


ন্যাশনাল ডেস্ক: রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। বৃহস্পতিবার এ সংক্রান্ত অফিস সময়সূচি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় রমজান মাসের এই বিশেষ অফিস সূচি চূড়ান্ত করা হয়।
সভা শেষে বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।”
প্রেস সচিব আরও জানান, অফিস সময়ের মধ্যে জোহরের নামাজ আদায়ের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত মোট ১৫ মিনিট বিরতি থাকবে। এই সময়সূচি দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।