


ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলও ইশতেহার দিয়েছে, কিন্তু জামায়াতের ইশতেহারে কোথাও ইসলামের কথা বলা হয়নি। এরপরও কেউ যদি জামায়াতকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করীম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ইসলামের পক্ষে একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই লক্ষ্য সামনে রেখে কাজ শুরু হলে শুরুতে অনেক ইসলামি দল ঐক্যমতে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন চিত্র দেখা যায়। তিনি অভিযোগ করেন, দেশের মানুষ যখন ইসলামী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে শুরু করে, তখন দেশপ্রেম বা ইসলামপ্রেমের পরিবর্তে ক্ষমতাপ্রেম থেকে কেউ কেউ ভিন্ন পথে হাঁটেন।
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং দেশের অর্থ বিদেশে ‘বেগমপাড়া’ নামে পরিচিত এলাকায় বিনিয়োগ হয়েছে।
চরমোনাই পীর বলেন, “বাংলাদেশ আলেম-ওলামায়ের দেশ। এই পবিত্র ভূমিতে ইসলাম থাকবে না—এটা হতে পারে না। আমরা মনে করেছিলাম আমরা একা, কিন্তু আমরা একা নই। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আলেমরা আছেন, দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক জনগণ আমাদের সঙ্গে আছেন।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এছাড়া বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।