


বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর-সিটি করপোরেশন) আসনে ‘মই’ প্রতীকে ভোট দেওয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। একই সঙ্গে তিনি বিজয়ী বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে মনীষা চক্রবর্তী বলেন, “বরিশাল-৫ আসনে ভোট দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এছাড়া নির্বাচনে জয়ী মজিবর রহমান সরোয়ারকে বাসদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই এলাকার সব মানুষের জন্য আমার শুভকামনা রইল।”
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬টি কেন্দ্রে এবং পোস্টাল ভোটসহ মোট ২২,৪৮৬টি ভোট পেয়েছে। মনীষা বলেন, “এই ভোটাররা শুধুমাত্র সংখ্যা নয়, তারা প্রথাগত রাজনীতি ও দুর্নীতি, লুটপাট এবং সাম্প্রদায়িক বিভাজনের পরিবর্তন চাইছেন। তাদের আস্থা ও শক্তিকে সামনে রেখে আমরা আগামী দিনে আরও দৃঢ়ভাবে সাংগঠনিক সক্ষমতা বাড়িয়ে সমাজ পরিবর্তনের লড়াই চালিয়ে যাব।”