
বরিশাল প্রতিনিধি: বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেওয়া হতে পারে—এমন গুঞ্জন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
দেশের ছয়টি সিটি কর্পোরেশনে বিএনপির ছয়জন নেতাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার পর থেকেই বরিশাল নিয়েও এমন আলোচনা জোরালো হয়েছে।
তবে এ বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। গুঞ্জনটি ঘিরে বরিশালের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ও অবদান রাখা নেতাকে দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন।
একটি সূত্রের ভাষ্যমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও পূর্বঘোষিত কর্মসূচির বাস্তবায়নে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে পারে। তবে এটি পুরোপুরি দলীয় সিদ্ধান্তের বিষয়।
বরিশালের সন্তান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হলেও পরবর্তীতে তিনি যুবদলে যুক্ত হন।
তিনি বরিশাল-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
শেষ পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব কে পাচ্ছেন—সেটি এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।