
আবহাওয়া ডেস্ক: ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, সপ্তাহের শুরুতে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সপ্তাহের শেষের দিকে উল্লিখিত বিভাগগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমা–বাড়ার প্রবণতা দেখা দিতে পারে।
পূর্বাভাসে সিনপটিক অবস্থার বর্ণনায় বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ও রোববার সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শনিবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রোববার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে।