
হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলাতে এক স্কুলছাত্রকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগে এক প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত যুবক মোশারফ বয়াতি। তার দেওয়া স্বীকারোক্তির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার চরবিশোর গ্রামে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খাল থেকে মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা অভিযুক্ত মোশারফকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না।
নিহত কিশোর আরিফ রাঢ়ী (১৩) হিজলা-গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। অভিযুক্ত মোশারফ বয়াতি (২৬) একই গ্রামের শাহজালাল বয়াতির ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোশারফের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার এশার নামাজের আগে আরিফ তার ঘরে যায়। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে আরিফ গুরুতর আহত হয়ে মারা যায় বলে অভিযোগ। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে খালের পাড়ে মরদেহ দেখতে পান স্বজনরা। পরে সন্দেহের ভিত্তিতে মোশারফকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে।
এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহত আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তের মাকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, মামলা হলে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।