


বানারীপাড়া প্রতিনিধি: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর কেন্দ্রীয় দপ্তরের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিককে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বানারীপাড়ার বাইশারী বাজার এলাকার আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষির কাছে চাঁদা দাবি করেন অভিযুক্ত দুই যুবদল নেতা। দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় শুক্রবার তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনাটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।