


বরিশাল প্রতিনিধি:। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে ঘিরে বরিশাল নগরীতে ফুলের দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে লাল গোলাপ কিনতে সকাল থেকেই তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ দোকানগুলোতে ভিড় করছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক-সংলগ্ন ফুলের দোকানগুলোতে ছিল ক্রেতাদের ব্যস্ত উপস্থিতি। একই সঙ্গে বিভিন্ন বিনোদন কেন্দ্রের প্রবেশপথেও ফুল বিক্রেতাদের বসতে দেখা গেছে।
লাল গোলাপ, গাঁদা, জারবেরা ও রজনীগন্ধাসহ নানা ধরনের ফুলের তোড়া সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন বিক্রেতারা। এর মধ্যে লাল গোলাপ এবং হলুদ-কমলা রঙের ফুলের চাহিদাই সবচেয়ে বেশি। শুধু তরুণ-তরুণী নয়, পরিবারসহ অনেককেও ফুল কিনতে দেখা গেছে।
ফুল বিক্রেতারা জানান, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একই দিনে পড়ায় এবার বিক্রি তুলনামূলকভাবে বেড়েছে। তবে পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। মান ও আকারভেদে দেশি গোলাপ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর বিভিন্ন ডিজাইনের ফুলের তোড়ার দাম রাখা হয়েছে ১০০ থেকে ২০০ টাকা।
ক্রেতাদের প্রতিক্রিয়ায়ও দেখা গেছে ভিন্নতা। কেউ কেউ বলছেন, গত বছরের তুলনায় ফুলের দাম প্রায় দ্বিগুণ। আবার অনেকের মতে, বিশেষ দিনের কারণে কিছুটা দাম বেশি হলেও তা গ্রহণযোগ্য। ফুল কিনতে আসা এক তরুণী বলেন, “এই দিনটি সবার জীবনে আনন্দ ও সুন্দর ভবিষ্যৎ বয়ে আনুক। সবাই যেন তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পায়।”
ব্যবসায়ীরা আশা করছেন, বিকেলের পর ক্রেতার চাপ আরও বাড়বে। সব মিলিয়ে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বরিশালের ফুলের দোকান ও আশপাশের এলাকায় উৎসবের আবহ বিরাজ করছে।